ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ‘সম্ভাব্য’ কারণ নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ২৩২ যাত্রী ‍ও ১০ জন ক্রু সদস্য ছিলেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই।

উড়োজাহাজ বিধ্বস্তের সম্ভাব্য কারণ নিয়ে ভারতের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, উড়োজাহাজটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত হেনেছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল উড়োজাহাজটি সেটি হারিয়ে ফেলেছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও উড়োজাহাজটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট।

ভয়াবহ এ দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে উড়োজাহাজটি এগিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এ উড়োজাহাজটি সেখানকার একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে।

বিধ্বস্তের কারণ নিয়ে সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামের এ বিশেষজ্ঞ বলেছেন, “প্রথমত মনে হচ্ছে, একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল। কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই উড়োজাহাজটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা উড়োজাহাজ আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এ ছাড়া উড়োজাহাজটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট মে ডে কল করেছিলেন। যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”

যদিও উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ নিয়ে এখনো অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি এয়ার ইন্ডিয়া। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নাটারাজন চন্দ্রশেকরন বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ একটি মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।

উল্লেখ্য, আজ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি। এর কয়েক মিনিট পরই এটি আছড়ে পড়ে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন।

সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights