ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

অনলাইন প্রতিবেদক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়।

জানা গেছে, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদল ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক মূল্য ২২ লাখ ১২ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights