চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে রেকর্ড ‘নিশি’

অনলাইন ডেস্ক

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস গড়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’- এ জায়গা করে নিয়েছে দেশের কোনো চলচ্চিত্র।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই ঐতিহাসিক উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালিত চলচ্চিত্রটি।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছে। সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর এই উৎসব রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগোতে থাকে গল্প।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশে ছবিটির শুটিং হয়েছে।

এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছিল ছবিটি। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জিতে ‘নিশি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights