ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের তাণ্ডব, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব শাখা ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দেশজুড়ে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে।
শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক দিন পর শনিবার এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
শুক্রবার হায়দরাবাদে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে মেটার কার্যালয় অবস্থিত ভবনে ঢুকে পড়েন। এ সময় তারা গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।
শনিবার সংগঠনটি এক্সে দেওয়া পোস্টে জানায়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয়গুলোতে বিক্ষোভ করা হবে এবং সেগুলোতে হামলা চালানো হবে।
ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের বিক্ষোভের পর তাদের দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচনাকারী সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজারো অ্যাকাউন্ট এখনও সীমাবদ্ধ রয়েছে।
মেটার অ্যালগরিদম কীভাবে পোস্টের প্রচার সীমিত করে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো পুনরায় চালুর দাবি জানান তিনি।
বিশ্বে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। তবে শুক্রবারের বিক্ষোভ নিয়ে প্রতিষ্ঠানটি কোনও মন্তব্য করেনি।
এদিকে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আপত্তিকর মনে হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরিয়ে ফেলার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।
তবে সরকার বলছে, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেই কেবল কোনও কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।
গত ফেব্রুয়ারিতে অবৈধ কনটেন্ট শনাক্ত হওয়ার পর তা সরাতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টা করে মোদি সরকার।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। প্রতিষ্ঠানটির দাবি, এসব পদক্ষেপের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে নেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান
