ভালুকায় বিএনপির ১৮১ জনের নামে মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির ১৮১ জনের নামে মামলা হয়েছে। রবিবার দুপুরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করে ওই মামলা করেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যানবাহন ভাঙচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামালা রুজু করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা তাদের কাজে বাধা দেয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করে। ওই ঘটনায় আটক দুইজনসহ ছয় জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, নাশকতার মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights