ভিজিডির চাল চুরি : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ডাদেশ
নিজস্ব প্রতিবেদক, যশোর
ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট) চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং আত্মসাৎকৃত চালের সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এক রায়ে এই সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের আতিয়ার গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের ২০১৮ সালের ডিসেম্বর মাসের ভিজিডি কর্মসূচির আওতায় বাঘুটিয়া ইউনিয়নের ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট ৭ হাজার ৮০০ কেজি (৭.৮ মেট্রিক টন) চাল বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান থাকাকালে বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর সরকারি গুদাম থেকে এই চাল উত্তোলন করেন। তবে উত্তোলনের পর সেই চাল তিনি ইউনিয়ন পরিষদে নিয়ে যাননি এবং উপকারভোগীদের মাঝে বিতরণও করেননি।
এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার।
মামলাটি তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহফুজ ইকবাল আসামি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে অভিযুক্ত করে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামি বাবুল আক্তারের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
একই সাথে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, আত্মসাৎকৃত চালের বাজারমূল্য বাবদ ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত, যা দণ্ডিত আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায় করা হবে। পলাতক আসামি বাবুল আক্তারকে গ্রেফতারে আদালত থেকে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
