ভিডিও গেম খেললে কি বুদ্ধি বাড়ে? যা বলছে গবেষণা

অনলাইন ডেস্ক
ভিডিও গেম খেললে স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাশক্তি কিছুটা বাড়তে পারে। নতুন এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তবে এর ভালো দিকটি নির্ভর করে আপনি কোন ধরনের গেম খেলছেন তার ওপর।

গবেষকরা বলছেন, ভিডিও গেম খেললেই কেউ রাতারাতি প্রতিভাবান বা জিনিয়াস হয়ে যায় না। তবে এটি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকে ইতিবাচক দিকে নিতে কিছুটা সাহায্য করে। ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত হওয়া মোট ১৩৩টি গবেষণার ফল নিয়ে তারা কাজ করেছেন। এতে মোট ১৪ হাজার ২৪৫ জন মানুষের তথ্য যাচাই করা হয়েছে।

‘অ্যাক্টা সাইকোলজিকা’ নামের একটি জার্নালে এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। তবে অনেক গবেষক এই বিষয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, গেম খেললে শুধু গেমের ভেতরের দক্ষতা বাড়ে। দৈনন্দিন বাস্তব জীবনে এর খুব একটা প্রভাব পড়ে না।

কিন্তু নতুন এই গবেষণা বলছে অন্য কথা। গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণমূলক গেম স্মৃতিশক্তি ধরে রাখতে এবং দ্রুত কাজ বদলাতে সাহায্য করে। অন্যদিকে, অ্যাকশন বা দ্রুতগতির গেমগুলো চারদিকে নজর রাখা, মনোযোগ দেওয়া এবং সামনের বিপদ বোঝার ক্ষমতা বাড়ায়। যারা নিয়মিত অ্যাকশন গেম খেলেন, মনোযোগ ও দ্রুত কাজ করার পরীক্ষায় তারা গেম না খেলা মানুষদের চেয়ে অনেক ভালো ফল করেছেন।

এছাড়া কৌশল বানানোর গেমগুলো মানুষের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। তবে গবেষকরা জানিয়েছেন, গেম খেলার এই ইতিবাচক প্রভাব খুবই ‘সামান্য’। তারা সতর্ক করে বলেছেন, পড়াশোনা বা অন্য জরুরি কাজ বাদ দিয়ে গেম খেললে উল্টো ক্ষতি হতে পারে।

গবেষকরা আরও জানিয়েছেন লিঙ্গ, বয়স, স্বাস্থ্য বা সংস্কৃতির মতো বিষয়গুলো এই ফলের ওপর খুব একটা প্রভাব ফেলেনি। সব মিলিয়ে গবেষকদের মত হলো, সঠিক নিয়মে ভিডিও গেমের ব্যবহার মানুষের মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights