ভিডিও বার্তায় ইরানিদের কাছে গোপন তথ্য চাইল সিআইএ

অনলাইন ডেস্ক

অনলাইনে গোয়েন্দা তথ্য শেয়ার করার আহ্বান জানিয়ে ইরানি নাগরিকদের উদ্দেশ্যে ফারসি ভাষায় একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেসামরিক ও সামরিক গোপন তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। ফরাসি ছাড়াও ইতিপূর্বে কোরীয়, রুশ এবং মান্ডারিন ভাষায় একই ধরনের প্রচার চালিয়েছিল সংস্থাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার দেওয়া স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ভিডিওর বার্তায় সিআইএ ইরানি নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছে, তারা তাদের কণ্ঠস্বর শুনতে চায় এবং প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত। নিরাপদে যোগাযোগের জন্য ভিডিওটিতে ভিপিএন ব্যবহার, ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলা এবং ব্যক্তিগত ওয়েব ব্রাউজার ব্যবহারের মতো কৌশলগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাশিয়া, চীন বা ইরানের সদর দপ্তর নয়, এমন কোনো বিশ্বস্ত ভিপিএন অথবা ‘টর নেটওয়ার্ক’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে আগ্রহীদের নাম, পদবি এবং সংস্থার প্রয়োজনীয় তথ্যের নাগাল পাওয়ার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। বুধবার সকাল নাগাদ এক্স প্ল্যাটফর্মে এই ভিডিওটি ৩৪ লক্ষাধিক মানুষ দেখেছেন।

বিশ্লেষকদের মতে, ইরানে সরাসরি কোনো দূতাবাস না থাকায় সিআইএ বর্তমানে ডিজিটাল প্রচারণার মাধ্যমে তথ্য সংগ্রহের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তবে এ ধরনের অনলাইন তৎপরতা মার্কিন গোয়েন্দাদের পাল্টা গোয়েন্দাগিরির ফাঁদে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে স্থলভাগে তথ্যের জন্য সংস্থাটি কুর্দি সংগঠনগুলোর ওপর নির্ভর করলেও ইরান সরকার সেই সম্পর্কের ওপর কড়া নজরদারি শুরু করেছে। ফলে দেশটিতে অভ্যুত্থান বা অস্থিরতা তৈরির জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের সূত্র খুঁজে পেতে সিআইএ বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights