ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করাই স্বাগতিকদের লক্ষ্য।

ফাইনালের আগে আজ অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো ও বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তার মতে, ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বীতা গড়ার সম্ভাবনা বাড়বে।

আলোনসো বলেন, ‘আমার চোখে, ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’

ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মেনেও নিজেদের উন্নতির ব্যাপারে আশাবাদী কোচ।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিশ্বাস আগের ম্যাচের চেয়ে আমরা আরও ভালো করতে পারব। আর আমরা ভারতের সঙ্গে সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। তাই সেটাই আমার লক্ষ্য- আরও ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।’

ভারতের সঙ্গে ব্যবধান কমাতে আক্রমণে ভুল কমানোর ওপরও জোর দিচ্ছেন আলোনসো। তার বিশ্বাস, পুরো ৬০ মিনিট লড়াই করতে পারলে ফলাফলেও তার প্রভাব পড়বে। তবে সে জন্য বাংলাদেশের আরও অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আগের ম্যাচের ভুল শুধরে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তারেরও।

তিনি বলেন, ‘আমরা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব।’

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে অবশ্য বাস্তবতাই তুলে ধরেছেন মাসুদা, ‘আমরা সবাই যদি সবার সেরাটা দিতে চেষ্টা করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব। হয়তোবা ভারতের বিপক্ষে আগের ম্যাচে যেভাবে খেলেছি তার থেকে ভাল কিছুই হবে। কম গোলের ব্যবধানে হয়তোবা কোনো একটা কিছু করা যায়।’

দলের আরেক খেলোয়াড় আছিয়া আক্তারের চাওয়াও একই। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ে নিজেদের সেরাটা দেওয়া। ভারতের শক্তিমত্তা জানা থাকলেও লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না তারা। শিরোপার মঞ্চে বাংলাদেশের পরীক্ষা তাই শুধু ভারতের বিপক্ষে নয়, আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights