ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশি দলকে তুরস্ক সরকারের বিশেষ সম্মাননা

অনলাইন ডেস্ক

ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ তুরস্ক সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশেষ সম্মাননা প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বাংলাদেশের পক্ষে এই সম্মাননা স্মরক গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল, এনডিসি, পিএসসি, জি এবং উদ্ধারকারী দলের দলনেতা লে. কর্নেল রুহুল আমিন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য তুরস্ক কর্তৃক বাংলাদেশ সরকারের নিকট অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকার্য শুরু করে।
উদ্ধারকাজের অংশ হিসেবে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশের আদিয়ামান এবং হাতাই এ উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। উদ্ধারকার্য পরিচালনার পাশাপাশি দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাবু বিতরণ করে। এছাড়া মেডিকেল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মাঝে ৩২ কার্টন ওষুধ বিতরণসহ ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিক ট্রমাগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে।

বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বাংলাদেশ এবং তুরস্কের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights