ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেছেন, বুধবারের ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা ২৫৪ এবং আহত ১ হাজারের বেশি। এ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলছে ইরান। তারা বলছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র বলছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। এ দাবির সঙ্গে মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেছে, লেবানন অন্তর্ভুক্ত। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অনিশ্চয়তার মধ্যেই গতকাল পাকিস্তানে রওনা হয়েছেন ইরানের প্রতিনিধিদল। আজ শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথম দফার শান্তি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এদিকে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। অপরদিকে যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য এলাকায় গত বুধবার একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন।

লেবাননে ইসরায়েলি হামলার পর শান্তি আলোচনা অযৌক্তিক, ইরানের স্পিকার : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘাইর গালিবাফ বলেছেন, ইসরায়েল ইতোমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে।

চুক্তি না মানলে আরও ভয়াবহ গোলাবর্ষণ শুরু হবে, ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যদি কোনো কারণে চুক্তি মানা না হয়- তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গোলাবর্ষণ শুরু হবে।

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মাঝেই পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধিরা : লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মাঝে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল। গতকাল পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights