ভেড়ামারায় যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে চুরির অপবাদ দিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আকরাম শাহ্ (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত এক টার দিকে পুলিশ উপজেলার জুনিদাহ ইউনিয়নের মসজিদ পাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আকরাম শাহ মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৮ থেকে ১০ জন যুবক দুপুরের দিকে আকরামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর হেদায়েত আলীর আম বাগানের একটি গাছে বেঁধে আকরামকে প্রায় দুই ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। শারীরিক নির্যাতনের এক পর্যায়ে নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বিকেল চারটার দিকে আকরাম শাহকে তার এক আত্মীয়র হাতে তুলে দেয়। রাড়িতে নিয়ে আসার পর রাত এগারোটার দিকে আকরামের মৃত্যু হয়।
এরপর পুলিশকে খবর দিলে রাত একটার দিকে পুলিশ নিহত আকরামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
নিহতের চাচা বিশারত আলি শাহ্ বলেন, মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে তানজিল, লিখন, হাসিবুল, রাজন,রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। তিনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
