ভৈরবে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে তালাবদ্ধ ঘর থেকে সাহারা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে ভৈরব পৌর শহরের কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়ির একটি টিনশেড ঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পঞ্চবটি এলাকার সাহারা বেগমের সঙ্গে একই এলাকার রিকশাচালক উজ্জ্বল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন। সাহারা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সোমবার দুপুরের দিকে দীর্ঘ সময় ঘর তালাবদ্ধ দেখে স্থানীয় লোকজন দরজার ফাঁক দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে দঁড়িতে সাহারাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights