ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোট জালিয়াতি সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০২০ সালের নির্বাচনে নিজে জয়ী হয়েছিলেন বলে যে দাবি তিনি করে আসছেন, সেটিকে আবারও সামনে আনতে এবং আসন্ন নির্বাচন নিয়ে সংশয় তৈরি করতেই সোমবার তিনি এই নতুন ঘোষণা দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কেউ ভোট জালিয়াতির অভিযোগ করলে এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত হলে, তথ্যদাতাকে ১০ লাখ ডলার দেওয়া হবে!’ তবে এই পুরস্কারের অর্থ কোথা থেকে আসবে বা কীভাবে তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আগামী ৩ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র আট দিন আগে হওয়া জরিপগুলোতে দেখা যাচ্ছে, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে। ডেমোক্র্যাটরা জয়ী হলে তা ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত করতে পারে।

ট্রাম্প এর আগেও বারবার নির্বাচন নিয়ে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ করেছেন। যদিও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি, বিশেষ করে নাগরিকদের বাইরে অন্য কারও ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল। ফেডারেল নির্বাচনে এটি এমনিতেই বেআইনি।

নির্বাচনের আগে ট্রাম্প আরও কিছু অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাবও রয়েছে। এই প্রস্তাবে ১ লাখ কোটি ডলারের বেশি খরচ হবে, যার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এছাড়া রিপাবলিকানরা জয়ী হলে নর্থ ক্যারোলাইনার একটি সামরিক ঘাঁটিতে দূষিত পানির কারণে অসুস্থ হওয়া সাবেক সেনাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights