ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের ১৬তম রাউন্ডে বুধবার ভোরে (বাংলাদেশ সময় সকাল ৬টা) কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনোস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে।

এই ম্যাচে শুরু থেকেই প্রথম একাদশে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চিলির বিপক্ষে আগের ম্যাচে (১-০ জয়) তিনি মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। এবার শুরু থেকেই মাঠে থাকার সম্ভাবনা দারুণভাবে উজ্জীবিত করছে আর্জেন্টাইন সমর্থকদের।

কোচ স্কালোনি দল সাজাচ্ছেন কিছু পরিবর্তনের সঙ্গে। বাঁ দিকের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো সাসপেনশনের কারণে অনুপস্থিত থাকবেন। তার জায়গায় ফাকুন্ডো মেডিনাকে দেখা যেতে পারে, যদিও তরুণ ভ্যালেন্তিন বারকোও বিবেচনায় আছেন।

রক্ষণভাগে নিশ্চিতভাবে খেলবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ডানপাশে থাকবেন নাহুয়েল মোলিনা। সাসপেনশন কাটিয়ে ফিরছেন সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্দি, যাঁর সঙ্গে রক্ষণে থাকতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো অথবা লিওনার্দো বালের্দি।

চোট থেকে ফিরে স্কোয়াডে ফিরেছেন লিয়ান্দ্রো প্যারেদেস ও এনজো ফার্নান্দেজ। মাঝমাঠে রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা এবং এই দুজনের একজনকে দেখা যেতে পারে। কোচ স্কালোনির সামনে বিকল্প হিসেবে আছেন তরুণ মিডফিল্ডার জুলিয়ানো সিমেওনে, যাঁকে দিয়ে মাঝমাঠে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য আনতে পারেন।

আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে এগিয়ে আছেন জুলিয়ান আলভারেজ। ক্লান্তির কারণে আগের ম্যাচে বিশ্রামে থাকা লাউতারো মার্টিনেজ হয়তো বেঞ্চে শুরু করবেন, ফলে আলভারেজকেই রাখা হচ্ছে প্রথম পছন্দ হিসেবে।

সংবাদমাধ্যমে স্কালোনি বলেছেন, ‘মেসি এখনও দলের অনন্য নেতা। তবে আমরা এখন শুধু তাঁর ওপর নির্ভরশীল নই। দলের অন্যান্য খেলোয়াড়রাও এখন বড় দায়িত্ব নিচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (কলম্বিয়ার বিপক্ষে):

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্ডো মেডিনা / ভ্যালেন্তিন বারকো
মাঝমাঠ: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস / জুলিয়ানো সিমেওনে, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights