টানা বৃষ্টিতে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট সচল রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে শুধুমাত্র একটি ইউনিট চালু ছিল। কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টির ফলে হ্রদে পানি বাড়ায় তিনটি বন্ধ ইউনিট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

বর্তমানে ১নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ২নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ৪নং ইউনিট থেকে ৪২ মেগাওয়াট এবং ৫নং ইউনিট থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কেবল ৩নং ইউনিটটি এখনো বন্ধ রয়েছে। তবে পানির স্তর এইভাবে বাড়তে থাকলে শিগগিরই সেটিও চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকৌশলী।

অন্যদিকে রাঙামাটি কাপ্তাই হ্রদে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি আছে। ৯৫ দশমিক ৫৯ ফুট (এমএসএল)। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (এমএসএল)। বিদ্যুৎ উৎপাদনের এই ইতিবাচক অগ্রগতি দেশের জ্বালানি খাতে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights