মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির
অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বুধবার আরাকান আর্মি মংডুর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি কুখ্যাত জান্তা জেনারেল থুরেইন তুনসহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রবিবার রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়।
২০২৩ সালের নভেম্বরে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় আরাকান আর্মি। এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে, মংডুর পুরো এলাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। শহরটিতে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষের বসবাস।
বিবৃতিতে আরও বলা হয়, মংডুর কাছে জান্তার সর্বশেষ ঘাঁটি গত রবিবার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা। এটি দখলে তাদের দুই মাস লড়াই করতে হয়েছে। ঘাঁটির কমান্ডারসহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেফতার করা হয়েছে।
আরাকান আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দৃশ্যত জান্তার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন। এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী গোষ্ঠীটির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে।
মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতোমধ্যে আন শহরে ৩০টি জান্তা ঘাঁটি দখল করেছে তারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী।
