মক্তবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তব পড়তে গিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেন (২২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে মামলা হলে বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার মনির হোসেন ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং ওই মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে মসজিদ মক্তবে পড়তে যায় ওই শিশুটি। ছুটি হওয়ার পর অন্য শিশুরা চলে গেলেও শিক্ষক মনির হোসেন কৌশলে ওই শিশুকে আটকে রাখে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে শিক্ষককে আটক করে রাখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করলে অভিযুক্তকে থানায় নেয় পুলিশ।

সাদুল্লাপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। শনিবার বিকালে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights