মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

অনলাইন প্রতিবেদক
নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির কাহিনিতে উঠে এসেছে কাঁকুড়গাছি নামের একটি গ্রামের মানুষের অস্তিত্বের সংকট, সংগ্রাম, হিংস্রতা ও সামাজিক বিদ্বেষের চিত্র। এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর গ্রামের মানুষ পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায় আটকে পড়ে। ক্রমে সংস্কার, হিংস্রতা ও বিদ্বেষে বিপর্যস্ত হয়ে ওঠে পুরো জনপদ। একপর্যায়ে একটি জনপদের এই সংকট ছড়িয়ে পড়ে বৃহত্তর সমাজ তথা গোটা বিশ্বের সংগ্রামের প্রতীকে।

‘পুণ্যাহ’ নাটকের অন্যতম শক্তি দক্ষ একদল অভিনয়শিল্পীর প্রাণবন্ত অভিনয়। ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ নাটকের অন্যান্য অভিনয়শিল্পী তাঁদের অভিনয়ের মাধ্যমে মঞ্চের গল্পকে জীবন্ত করে তুলেছেন।

নির্দেশক ইউসুফ হাসান অর্ক নবীন ও প্রবীণ অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি নির্মাণ করেছেন। আলো, মঞ্চসজ্জা, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে ‘পুণ্যাহ’ দর্শকদের জন্য তৈরি করবে নান্দনিক এক নাট্য-অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights