মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ। আহতদের মধ্যে ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন তার নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা-কর্মীরা বাধা দেয়। এসময় উভয়পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার বিষয়ে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে গেলে কিছু উশৃঙ্খল যুবক আমার নেতা-কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন নেতা-কর্মী আহত হয়।
জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না। তাকে কেউ জানায়নি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
