মব জাস্টিসের কথা বোঝানোর চেষ্টা করবেন না
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না। তিনি সতর্ক করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইন্টেরিম গভর্নমেন্ট বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাষায় পয়গাম দিতে চাই- মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। তিনি গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী নগরীর মাদরাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের যদি বারবার ঘায়েল করার চেষ্টা করা হয়। মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার দাবি নিয়ে বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ইসলামবিরোধী অপশক্তি, এদের রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকড়ের গোড়া সেখানে। কাজেই শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাশের অভ্যন্তরে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশীয় দোসররা তসলিমা নাসরিনের নামে, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনের পাঁয়তারা করলে বাংলাদেশের মানুষ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ।’
