ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), দুই মেয়ে আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক জামাল উদ্দিন নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। এদিন বিকাল সাড়ে ৩টার দিকে চার্জ দেওয়া অটোরিকশাটি ঘর থেকে বাইরে বের করতে যান তিনি। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে গেলে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। এতে জামাল চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। তখন জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আব্দুল মজিদ বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights