ময়মনসিংহ মহানগর যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচার, সমন জারি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহীনুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচার করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার যুবলীগ নেতা শাহীনুর বাদী হয়ে আদালতে মামলা করলে বিচারক মোহা. বজলুর রহমান আসামিদের বিরুদ্ধে বুধবার সমন জারির আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর পূর্বে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে শাহীনুর রহমানের কথোপকথন হয়। যা পরবর্তীতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ ঘটনার বিস্তারিত জেনে মিটমাট হয়। কিন্তু সম্প্রতি ওই মিমাংসিত বিষয়টিকে ইস্যু করে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে ওই কথোপকথনটি কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।
ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মালেক জানান, ১৯ মার্চ মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহীনুর রহমান বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ৪টি ধারায় এই মামলাটি দায়ের করলে বুধবার সমন জারির আদেশ দেওয়া হয়।

এই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন নগরীর ১৭ নং ওয়ার্ডের আকুয়া মড়লপাড়া এলাকার বাসিন্দা মো. আজাহারুল ইসলাম স্বপন (৪৫), আনোয়ার হোসেন আনু (৪৬) এবং আনিছুর রহমান আনিছ (২৮)।

মামলার বাদী শাহীনুর রহমান বলেন, একটি মহলের ইন্ধনে অভিযুক্তরা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ঘটনাটি বিব্রতকর, আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights