শরীয়তপুরে কিশোরের আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়াতে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে আনাস মুসুল্লি (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস নিয়েছে। সোমবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাইখার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস মুসুল্লি ওই এলাকার আব্দুল আলিম মুসুল্লির ছেলে।

স্বজন ও পুলিশ জানায়, আনাস মুসুল্লি নামের ওই কিশোর একটি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করতো। কয়েক মাস আগে পড়াশোনা বন্ধ করে দেয়। এরপর থেকে সে বাসায় থাকতো। সোমবার রাতে মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল কিনে দেয়ার বায়না ধরে আনাস। তবে তার মা তাকে মোবাইল কিনে দিতে অস্বীকৃতি জানালে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। পরে ভোর রাতে নামাজে ডাকতে গেলে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে আনাসের মরদেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

আনাসের চাচা ছাত্তার মুসল্লি বলেন, রাতের বেলা ওর মায়ের কাছে টাচ ফোন চেয়েছিল। পরিবারের লোকজন কিনে দেয়নি বলে অভিমানে গলায় ফাঁস নিয়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights