মরক্কো ম্যাচের পর কেন ফুটবল সম্রাটদের পাশে বসল এমবাপের নাম?

অনলাইন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। বস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।

ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করেন এমবাপে। পাশাপাশি উসমান দেম্বেলের গোলেও অ্যাসিস্ট করেন তিনি। এই পারফরম্যান্সে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডে লিওনেল মেসির পাশে জায়গা করে নেন ফরাসি অধিনায়ক।

এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলসংখ্যা ১২ এ উন্নীত করে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো এবং লিওনিদাসকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে।

আরও একটি অনন্য কীর্তিও গড়েছেন তিনি। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ২০২২ এবং ২০২৬ আসরে ১০ বা তার বেশি সরাসরি গোল অবদান রাখার রেকর্ড গড়েছেন এই ফরাসি তারকা।

মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন এমবাপে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগালের বিপক্ষে গোল করে তিনি অলিভিয়ের জিরুদকে ছাড়িয়ে যান। বর্তমানে ফ্রান্সের হয়ে তার আন্তর্জাতিক গোলসংখ্যা ৬৪।

একই সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে জাস্ট ফনটেইনের ১৩ গোলের পুরোনো রেকর্ড ভেঙে এমবাপে এখন বিশ্বকাপে ফরাসিদের সর্বোচ্চ ২০ গোলের মালিক।

মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে এমবাপের ২০তম ম্যাচ। এর মাধ্যমে তিনি সাবেক গোলরক্ষক হুগো লরিসের সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার জাতীয় রেকর্ডেও ভাগ বসিয়েছেন। আগামী সপ্তাহের সেমিফাইনালে মাঠে নামলেই এই রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠার সুযোগ থাকবে তার।

সূত্রঃ আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights