মসজিদের মাইকে বিএনপি প্রতিহতের ঘোষণা দেওয়া ব্যক্তি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনা এবং পুলিশের যৌথ দল। রবিবার বিকেলে নগরীর চাঁদমারী স্টেডিয়াম কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল-আমিন নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কথিত নেতা। তিনি ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা মজিবর রহমানের অনুসারী।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর একটি মামলার তদন্ত করতে যাওয়া কোতয়ালী মডেল থানা পুলিশকে ধাওয়া দেয়। তদন্ত কাজে সহায়তা করা বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদারসহ তিনজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আল-আমিনকে প্রধান করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হুমায়ন কবির বলেন, দুপুরে আল-আমিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলতে থাকে এই কলোনীতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না। আপনাদের যার কাছে যা কিছু আছে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে রাস্তায় আসুন। এ খবর পেয়ে আমরা সেনাবাহিনীর সহায়তা চাই। পরে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো মোস্তাফিজুর রহমান বলেন, গত ৪ সেপ্টেম্বরের ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সাথে আলাপ করে অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
