মাইকে ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা: মুচলেকায় ছাড়া পেলেন সেই কুদ্দুস

গাইবান্ধা প্রতিনিধি

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে দিন, ক্ষণ, স্থান ঠিক করে মাইকে মারামারির ঘোষণা দিয়ে আলোচনায় আসা বড় ভাই আ. কুদ্দুস মিয়া মুচলেকায় ছাড়া পেয়েছেন।

‘এ ধরনের ঘটনা আর করবে না’ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গাইবান্ধার পলাশবাড়ী থানায় এমন লিখিত অঙ্গীকার করলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পলাশবাড়ী থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।

আ. কুদ্দুস মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাই হাবিজার মিয়ার সাথে মারামারি করতে মাইকে ঘোষণা দেন বড় ভাই আ. কুদ্দুস মিয়া। এমন ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিমিষেই ভাইরাল হয়।

ভিডিওতে আ. কুদ্দুস মিয়া রিক্সায় বসে নিজেই মাইক্রোফোন হাতে গোটা গ্রাম ঘুরে ঘুরে এমন ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, (৭ নভেম্বর) শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্ট বলেন, খবর পেয়ে বড় ভাই আ. কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যাতে না করেন তার জন্য মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights