মাইলস্টোনের গৌরবময় সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রতিবছরের মতো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%। পাস করাদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩১২ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৮৩%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯.৬২%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৯ জন শিক্ষার্থী, পাসের হার ১০০%। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক-তিনটি বিভাগেই অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে মাইলস্টোন কলেজের কৃতী শিক্ষার্থীরা।
ধরাবাহিকভাবে এইচএসসিতে মাইলস্টোন কলেজের অভাবনীয় সাফল্যে আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় অভিভাবকরা জানান, ‘এইচএসসিতে ভালো ফলাফল স্বপ্ন পূরণে তাদের সন্তানদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।’ প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী এবং অভিভাবকরা মাইলস্টোন কলেজের অধ্যক্ষ, সকল শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।
এইচএসসিতে মাইলস্টোন কলেজের নিয়মিত সাফল্য অর্জন নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে কিন্তু বছরের পর বছর নিয়মিতভাবে সেই ভালো ফলাফলের ধারাকে বজায় রাখা এবং সাফল্যের গ্রাফকে ঊর্ধ্বমুখী রাখা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই সেই কাজটিই সুনিপুণভাবে করছে মাইলস্টোন কলেজ। এইচএসসির ফলাফলে অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জনের জন্য তিনি সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
