মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার অভি‌যো‌গে র‍্যাবের হা‌তে গ্রেপ্তার হওয়া সাদ বিন আজিজারকে জামিন দি‌য়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই জামিনের আদেশ দেন।বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। পরদিন, ১১ নভেম্বর, উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তাঁর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‍্যাব। পরদিন ১২ নভেম্বর র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তাঁর মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।

পরে, মায়ের হত্যা মামলায় সাদকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। কিন্তু পুলিশ জানায়, মায়ের হত্যায় সাদের কোনো সম্পৃক্ততা ছিল না। ১৫ নভেম্বর উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তাঁর দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করা হয়। পরে, দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মায়ের হত্যায় সাদের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ার পর, গত রবিবার সাদের জামিন আবেদন করে তাঁর পরিবার। গত বৃহস্পতিবার জামিন শুনানি শেষে আদালত সাদের জামিন নামঞ্জুর করেন। পরে বুধবার আবার জামিনের আবেদন করলে আদালত সাদকে জামিন মঞ্জুর করেন। শুনানির সময় সাদ কারাগারে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights