মাগুরায় এইচএসসিতে হতাশাজনক ফল, দুই প্রতিষ্ঠানে পাস শূন্য
মাগুরা প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মাগুরা জেলায় হতাশাজনক ফলাফল হয়েছে। বিশেষ করে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ থেকে টানা দুই বছর ধরে কেউ পাসের মুখ দেখেনি।
শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয় থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আটজন এবং চলতি বছর ১৯ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু দুই বছরে মোট ২৭ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। শুধু বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ই নয়, চলতি বছর জেলার মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া দুজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। ফলে যশোর শিক্ষা বোর্ডের অধীন শতভাগ অকৃতকার্য ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় মাগুরার এই দুটি প্রতিষ্ঠানের নাম উঠেছে।
টানা দুই বছর কেউ পাস না করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা।
এ বিষয়ে জানতে বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দের মোবাইলে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মাগুরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ফল বিপর্যয় অত্যন্ত উদ্বেগজনক। এই প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আগামীতে যাতে ভালো ফলাফল করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন জানিয়েছেন, গত বছর শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০টি, এবার তা কমে ১৬টিতে দাঁড়িয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি নবায়নের ক্ষেত্রে শর্ত আরোপের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, জেলার সার্বিক ফলাফলেও দেখা গেছে অবনতি। বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাগুরা জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৩৭ দশমিক ৪৬ শতাংশ, যা চলতি বছর কমে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৬ শতাংশে। যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০ জেলার ফলাফল বিশ্লেষণে পাসের হারে মাগুরার অবস্থান নবম। এই বোর্ডে ৫২ দশমিক ৯৪ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে যশোর জেলা। এরপর যথাক্রমে খুলনায় ৪৬.৬৫, চুয়াডাঙ্গায় ৪৬.১৩, কুষ্টিয়ায় ৪৫.৩৮, সাতক্ষীরায় ৪৩.৪৫, ঝিনাইদহে ৪১.৯৮, মেহেরপুরে ৪০.৭৬ এবং বাগেরহাটে ৩৮.৮৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ৩৬ দশমিক ৭৮ শতাংশ নিয়ে সবচেয়ে কম পাসের হার নড়াইল জেলায়।
