মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারে প্রীতি ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়রা

মাগুরা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারে অংশ নিতে গিয়ে ক্রিকেটও খেলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান এক ঝাঁক তারকা খেলোয়াড়।

শুক্রবার সকালে নোমানী ময়দান মাঠে তারা মাগুরা জেলা ক্রিকেটাস অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় অংশ নেন। আট ওভারের ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়রা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হয়েছেন।

এ সময় সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা উপভোগ করতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তের উপস্থিত ছিল লক্ষণীয়।


প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের নুরুল হাসান সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমান।

এসময় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনও টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

খেলোয়াড় সাকিবকে বিজয়ী করতে নির্বাচনি প্রচারে কাজ করছেন জানিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা বলেন, ক্রিকেট নিয়ে মাগুরাতে সাকিবের অনেক ভাবনা রয়েছে। নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে।

মাগুরায় সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারণা চালাতে এসে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন। এতে জাতীয় দলের ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান।

ঢাকা থেকে টিমের আগত সাকিব আল হাসানের কোচ মো. সালাউদ্দিন বলেন, মাগুরায় এসে নতুন সাকিবকে দেখছি। তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights