মাগুরার শ্রীপুরে ভাঙন রক্ষায় স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ

মাগুরা প্রতিনিধি

নদী তীরে বসবাসকারিরা নদী ভাঙনের হুমকি থেকে রক্ষা পেতে নিজ উদ্যোগে বেড়িবাঁধ তৈরি করেছেন। মাগুরা শ্রীপুর উপজেলার দোরাননগর গ্রামে গড়াই নদী ভাঙনে গত কয়েক বছরে নদী তীরবর্তী কয়েকটি ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলী ক্ষেত বিলিন হয়ে গেছে। ফলে নদীর পেট থেকে অবশিষ্ট সম্পদ বাঁচাতে আজ শুক্রবার দোরাননগর গ্রামের শতাধিক গ্রামবাসী মিলে ভাঙন প্রতিরোধী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই বেড়িবাঁধ নির্মাণ করছেন।

এলাকাবসী সঞ্জয় বিশ্বাস জানান, গত বর্ষা মৌসুমে নদী এলাকার তিন কিলোমিটার বিলীন হয়েছে নদী গর্ভে। গত ৫ বছর পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার এ বিষয়ে তারা আবেদন করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। যে কারণে সবশেষে তারা নিজেরাই এ উদ্যোগ নিয়েছেন।

দোরান নগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মন্ডল বলেন, প্রতিবছর গড়াই নদীর ভাঙনে আমাদের দোরান নগর গ্রামের রাস্তা, বসতবাড়ি বিলীন হয়ে যায়। ভাঙন থেকে রক্ষা পেতে গ্রামবাসী ও সমাজের বৃত্তবান মানুষের আর্থিক সহায়তায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। গতবছর গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ দিয়ে ৮টি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেটির রুপান্তর ঘটিয়ে এবার নতুন করে ইট, বালু, রড় দিয়ে কংক্রিট ঢালাইয়ের পিলার দিয়ে সেটিকে মজবুত করা হচ্ছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন থেকে রক্ষা পাবে গোটা গ্রাম।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল বলেন, আমি বিষয়টি মাত্র জানলাম। ঘটনাস্থল পরিদর্শন করে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights