মাঝ আকাশে স্ট্রোক, চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন প্রবাসী সুমন
আরব আমিরাত থেকে দেশে ফেরার পথে বিমানে স্ট্রোক করে অসুস্থ হওয়া ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ ইলিয়াস প্রকাশ সুমন (৪০) আর ফিরে এলেন না। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত ১২টা ১০ মিনিটে ওমানের মাস্কাট রয়েল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের মৃত ইস্কান্দারের ছেলে।
সুমনের ভাতিজা আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি আরব আমিরাতের ফুজাইরাহ শহরে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার দেশে ফেরার উদ্দেশে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে রওনা দেন। তবে যাত্রাপথেই হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হন।
তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পাইলট বিমানটি ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। পরে তাকে দ্রুত মাস্কাট রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়। সেখানে টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন ফুজাইরাহর একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। দেশে তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
