হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত এক, আহত ২৫
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে শেলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পক্ষের প্রায় আরও ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শেলু মিয়া আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন।
পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাহুবল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুইদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
