মাদকের ছোবলে অনেক পরিবার নিঃস্ব: ভূমিমন্ত্রী মিনু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মাদক কারবারিদের দেশ, জাতি ও সমাজের শত্রু বলে অভিহিত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার করা হয়। সীমান্ত লাগোয়া মাদক কারবারিরা এই মাদকের ব্যাবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এসব মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু বহনকারীদের ধরলে হবে না, যারা এই মাদকের সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদকের কারবারের জড়িত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, ‘আমরা চোখের সামনেই অনেক পরিবারকে হারিয়ে যেতে দেখেছি। যাদেরকে মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছিল। এই মাদক শুধু আইনের মাধ্যমে বন্ধ করা করা সম্ভব নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিকভাবেও এই মাদক কারবারিদের বয়কট করতে হবে।’
উপস্থিত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বলেন, ‘আপনারা দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না।’ উপস্থিত অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
