মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযান: গ্রেপ্তার ৩, অভিভাবকের জিম্মায় ২১ কিশোর
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।
এর আগে, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার তিনজন হলেন-মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
