মাদক বিক্রির সময় ধরা পরোয়ানাভুক্ত আসামি আল আমিন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় চিহ্নিত এক চাঁদাবাজ ও মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সোমবার বিকালে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন সরদার (৩২) পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আল আমিন অনেক আগেই নিজ গ্রাম থেকে বিতাড়িত হন। এরপর তিনি শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্মগোপনে ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আল আমিন সরদার এখানে ইয়াবা সেবন ও বিক্রির পাশাপাশি ভারতীয় নেশাজাতীয় ওষুধ ‘ট্যাপেনটাডল’ ট্যাবলেট বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান, এলাকাবাসী বারবার নিষেধ করলেও আল আমিন মাদক ব্যবসা বন্ধ করেননি। সোমবার বিকালে মাদক বিক্রির সময় গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে । পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে যায়। র‌্যাব-৬ সাতক্ষীরা-এর কোম্পানি কমান্ডার জানান, আল আমিন সরদারের বিরুদ্ধে দুটি গ্রেপ্ততারির পরোয়ানা ছিল। তিনি জামিনে ছিলেন। স্থানীয়রা তাকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেয়।

তবে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা তাকে মারধর করে। পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মাদকসহ আটক করার তথ্য সঠিক নয়। ঘটনাস্থলে কোনো র‌্যাব সদস্যও ছিল না।

এদিকে, আল আমিন নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরে জেলাজুড়ে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, পাটকেলঘাটা থানার জিআর ১২৪/২৪ মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান বলেন, আল আমিন বর্তমানে পুলিশ হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights