মাদারীপুরে আলোর পাঠশালার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ

মাদারীপুর প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মাদারীপুরে এক হাজার কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা এবং মাদকবিরোধী সংগঠন পখিরা। শনিবার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চার মাস আগে জেলার শিড়খাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় একটি বটগাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলার ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদেই আলোর পাঠশালা বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেয়। সংগঠনটি ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার চারা রোপণ সম্পন্ন করেছে।

আলোর পাঠশালার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ বলেন, “বটগাছ কাটাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার প্রতিক্রিয়ায় আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নেই। আলহামদুলিল্লাহ, আজ আমরা এক হাজার কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করেছি। আমাদের লক্ষ্য পুরো জেলায় এক লক্ষ বৃক্ষ রোপণ করা। পাশাপাশি আমরা চাই, যুবসমাজ যেন মাদক থেকে দূরে থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘পাশে আছি মাদারীপুর’ সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, মাদকবিরোধী আন্দোলন পখিরার সহ-সভাপতি দাদন হোসেন, স্বেচ্ছাসেবী ফখরুদ্দিন রাজীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও সবুজের প্রতি অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights