মাদারীপুরে চোর অপবাদ দিয়ে দুই কিশোরকে মারধর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলায় চুয়াতলা নামক স্থানে চোর অপবাদ দিয়ে রনি (১৭) ও সাব্বির (১৬) নামে দুই কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত রনি বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তাজেল হাওলাদারের ছেলে ও সাব্বির একই গ্রামের আহম্মেদ বেপারির ছেলে।

জানা যায়, গত দুইদিন আগে রনি ও সাব্বিরের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়। পূর্ব বোতলা থেকে কিছু ছেলে সেখানে ওয়াজ শুনতে যায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। পরে রনি ও সাব্বির ওই ছেলেদের মেয়েদেরকে উত্ত্যক্ত করতে নিষেধ করলে এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টির হয়। পরে ওই ছেলেরা রনি ও সাব্বিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

পরে মঙ্গলবার রাতে ডাসার উপজেলার কমলাপুর বাজারে রনি ও সাব্বিরকে ওই ছেলেরা ঘুরতে দেখে কিছু লোকজন নিয়ে চোর অপবাদ দিয়ে ধাওয়া করে। ভয়ে রনি ও সাব্বির এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে বসে বেদম মারধর করে তাদেরকে গুরুতর আহত করে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা মিঠুন নামে এক যুবক বলেন, গত দুইদিন আগে ওয়াজে বসে রনি ও সাব্বিরের সাথে পূর্ব বোতলার কিছু ছেলেদের একটু ঝামেলার সৃষ্টি হয়। এরই জেরে রনি ও সাব্বির পূর্ব কমলাপুর বাজারে গেলে চোর চোর বলে তাদের আটকিয়ে মারধর করে। পরে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ডাসার থানার ওসি (তদন্ত) মনজুরুল মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights