মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং তার লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আলামিন সরদার (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে। তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের চাচা সোবহান সরদার বলেন, আমার ভাতিজা তাইজুল সরদারকে কালীগঞ্জ বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে মিলন সরদার ও তার লোকজন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ বাজারে তাইজুল ও আলামিনকে পেয়ে পূর্বশত্রুতার জেরে তাদের ওপর হামলা চালানো হয়। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে জহির চৌকিদার, মহাসিন চৌকিদারসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজন তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাইজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাইজুল সরদারকে মৃত ঘোষণা করেন। আহত আলামিন সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় তাইজুলের পরণে বোরকা ছিল বলে জানা গেছে। তবে তিনি কেন বোরকা পরেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযুক্ত মিলন সরদারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, নিহত তাইজুল সরদারের বিরুদ্ধেও একাধিক মামলা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
