মানিকগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই হাজতির নাম সাগর হোসেন (৪০)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দী ছিলেন তিনি।

জেলা কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে আটটার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রোগীর (হাজতি) মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে জানতে আজ বৃহস্পতিবার সকালে কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে কারাগারের কারারক্ষী আফজাল হোসেন বলেন, হাসপাতালের মর্গে মৃত হাজতির ময়নাতদন্ত করা হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights