মানুষকে পরিবর্তন এনে দিতে হবে বিএনপিকে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।’
শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সংস্কারের কথা বিএনপি বলেছে সর্বপ্রথম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। অনেকে বলার চেষ্টা করছে, বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে।’
কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপন্ন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ‘বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।’
পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষকে পরিবর্তন এনে দিতে হবে বিএনপিকে।’
