মায়োর্কার কাছে হেরে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা রিয়ালের
অনলাইন ডেস্ক
রিয়াল যেখানে ছিল শিরোপা জেতার স্বপ্নে। অন্য দল মায়ার্কো লীগে টিকে থাকার লড়াইয়ে। সেই দলটিই শেষদিকে ফের জাল কাঁপিয়ে লস ব্লাঙ্কোদের স্তব্ধ করে দিল। তুলে নিল স্মরণীয় এক জয়।
লা লিগায় শনিবার মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৪১ মিনিটে পিছিয়ে পড়ার পর শেষদিকে একটি গোল শোধ করে আলভারো আরবেলোয়ার দল। অন্তত এক পয়েন্ট নিয়ে ঘরে ফেরার আশা দেখতে না দেখতেই যোগ করা সময়ে আবার গোল খেয়ে শেষ পর্যন্ত রিক্ত হস্তেই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
এই হারে লিগ জেতার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ২২ জয়, ৩ ড্র ও ৫ হারে কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়রদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট এগিয়ে আছে। আজ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলেই ব্যবধান হবে ৭। আর লিগে চলতি মৌসুমে অষ্টম জয় পাওয়া মায়োর্কা ৩১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে। রেলিগেশন জোন থেকে মাত্র দুই পয়েন্ট এগিয়ে আছে তারা।
প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে বেঞ্চে রেখে কিলিয়ান এমবাপে ও ব্রাহিম দিয়াজকে দিয়ে আক্রমনভাগ সাজান রিয়াল মাদ্রিদের কোচ আরবেলোয়া। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগও পায় রিয়াল। এমবাপের দুটি শট মায়ার্কোর গোলকিপার লিও রোমান। তবে রিয়াল সুযোগ হাতছাড়া করলেও ব্যবধান বাড়াতে ভুল করেনি স্বাগতিকরা। ৪১ মিনিটে ডানদিক থেকে পাবলো মাফেও আক্রমণে ওঠেন। এরপর রিয়ালের বক্সে মানু মরলান্সকে বল বাড়ালে নিচের ডান কোনে বল পাঠিয়ে দেন মায়োর্কার মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে রিয়ালের পারফরম্যান্স ছিল আরও হতাশাজনক। সমতায় ফেরার কয়েকটি কিছু সুযোগ পেলেও মায়োর্কার গোলকিপারের কাছে হার মানতে হয় তাদের। ২৫ বছর বয়সী স্প্যানিশ এই গোলকিপার মোট পাঁচটি দুর্দন্ত সেভ দেন।
৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গারও। ৮৮ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে লক্ষ্যভেদ করেন এদের মিলিতাও। আলেকজান্ডার-আর্নল্ডের নেওয়া কর্নার থেকে হেডে বল জড়ান নিচের কোনায়।
যোগ করা সময়ে রিয়ালের জালে আবার বল পাঠালে, নাটকীয় মোড় নেয় ম্যাচ। পাঁচ মিনিটের যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়োর্কার জয়সূচক গোলটি করেন কসোভোর ফরোয়ার্ড ভেদাত মুরকি। শেষ পর্যন্ত হতাশার এক হার সঙ্গী করেই মাঠ ছাড়ে রিয়াল।
