মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু
অনলাইন ডেস্ক
১৯৮৫ সালে মার্কিন এক মাদক নিয়ন্ত্রণ এজেন্টকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট মিগুয়েল আনহেল ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন। রবিবার ৮০ বছর বয়সে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন মেক্সিকোর প্রথম দিকের অন্যতম বড় মাদক কার্টেলের প্রতিষ্ঠাতা।
স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিন আগে ফেলিক্স গ্যালার্দোকে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে একাধিক অঙ্গ বিকল হয়ে রবিবার দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। ১৯৮৯ সাল থেকে কারাবন্দী গ্যালার্দো পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের একটি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে বন্দী ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁর আইনজীবীরা একাধিকবার তাঁকে গৃহবন্দী রাখার আবেদন করেছিলেন।
১৯৭০-এর দশকে ফেলিক্স গ্যালার্দো মেক্সিকোর আধুনিক মাদক পাচার ব্যবসার স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর কারণে শুরু হওয়া আধিপত্য বিস্তারের লড়াইয়ে পরবর্তী দশকগুলোয় লাখ লাখ মানুষ খুন ও নিখোঁজ হয়। ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’-তে তাঁর উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়, যেখানে মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা তাঁর চরিত্রে অভিনয় করেন।
১৯৪৬ সালে সিনালোয়া রাজ্যের কুলিয়াকানে জন্মগ্রহণকারী গ্যালার্দো শুরুতে একজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গভর্নরের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। পরে তিনি ‘বস অব বসেস’ বা ‘সবার বড় বস’ হিসেবে পরিচিতি পান। তিনি জালিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাহারায় একটি কার্টেল গড়ে তোলেন, যা প্রথমবার যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার শুরু করে এবং কলম্বিয়ার পাবলো এসকোবারের মেদেলিন কার্টেলের সঙ্গে মিত্রতা স্থাপন করে।
১৯৮৯ সালে গ্রেপ্তার হওয়ার পর গ্যালার্দোকে মাদক পাচার ও অস্ত্র আইনের মামলায় ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় মার্কিন মাদক প্রয়োগকারী প্রশাসন বা ডিইএ (DEA) এজেন্ট এনরিক ‘কিকি’ ক্যামারেনা এবং মেক্সিকান পাইলট আলফ্রেডো জাভালা অ্যাভেলারকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে আলাদাভাবে বিচারের মুখোমুখি হতে হয়। ওই হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছিল। ২০১৭ সালে একটি ফেডারেল আদালত তাঁকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেন, যদিও তিনি হত্যার দায় অস্বীকার করেছিলেন।
জীবনের শেষ দিকে গ্যালার্দোর স্বাস্থ্য চরম ভেঙে পড়েছিল। ২০২১ সালে কারাগারে মার্কিন স্প্যানিশ ভাষার নেটওয়ার্ক ‘তেলেমুন্দো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, ৩২ বছর কেটে গেছে… এমন একজন মানুষের জন্য এটা অনন্তকাল, যে কোনো অপরাধ করেনি। সে সময় তিনি এক চোখে অন্ধ, প্রায় বধির এবং নিজে নিজে হাঁটতে অক্ষম ছিলেন।
