মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও অবস্থান পুনর্বিবেচনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
তেহরানের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পদ, অবকাঠামো ও সক্ষমতাকে নিজেদের দুর্বল হয়ে পড়া সামরিক শক্তির প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করতে চায়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও কৌশলগত অবস্থান নতুন করে মূল্যায়ন করা। কারণ, এ ধরনের নীতি শেষ পর্যন্ত তাদের নিজেদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।
আলী আবদোল্লাহি সতর্ক করে বলেন, যে দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করবে, শেষ পর্যন্ত সেই দেশই যুদ্ধের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই আঞ্চলিক দেশগুলোর উচিত এমন নীতি গ্রহণ করা, যা সংঘাত নয়, বরং স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
ইরানি এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যে উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও সৃষ্টি করছে।
তার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সূত্র: আল-জাজিরা
