মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করেছিল তারা আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাবে না। সেই ঘোষণায় খানিকটা স্বস্তি পেলেও আবার অস্বস্তিকর পরিস্থিতি হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। এবার ইরাকের আরেক প্রতিরোধ গোষ্ঠী আল নুজাইবা জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েই যাবে।

গোষ্ঠীটির মহাপরিচালক শেখ আকরাম আল কাবি শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। সেই সাথে তারা ইরাক থেকে পুরোপুরিভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার দাবিও জানিয়েছে।

এক বিবৃতিতে আকরাম বলেছেন, এই সিদ্ধান্ত তার গোষ্ঠী এককভাবেই নিয়েছে। এর আগে ইরাকের অন্যতম সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ জানিয়েছিল, ইরাকের প্রধানমন্ত্রী ও সরকারের সাথে আলোচনার পর তারা মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কাতিব হিজবুল্লাহ ও আল নুজাইবা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেরই অংশ।
কাতিব হিজবুল্লাহর নেতৃত্বেই এই গোষ্ঠীগুলো এতোদিন গাজার সমর্থনে ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিল।

নুজাইবা গোষ্ঠীর নেতা আল কাবি বলেছেন, তারা এককভাবেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, আল নুজাইবা স্বাধীনতার চেতনা ধরেই লড়াই অব্যাহত রাখবে।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাকি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা হুমকি দেয় জো বাইডেনের প্রশাসন। সেই হুমকির জবাবে আল নুজাইবা প্রধান বলেছেন, আমেরিকা হুমকি-ধামকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের দমিয়ে রাখতে চায়। তবে তাদের এই হুমকি কোনো কাজে আসবে না। তিনি জানিয়েছেন, আমেরিকাকে উপযুক্ত সময়ে যথাযথ জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights