মার্কিন হামলা ঠেকাতে রুশ উপগ্রহের তথ্য কাজে লাগাচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতি আগেভাগেই জেনে যাচ্ছে ইরান। আর এ কাজে তেহরানকে সামরিক উপগ্রহ থেকে পাওয়া নিখুঁত ভূ-স্থানিক (জিওস্পেশিয়াল) ও সিগন্যাল গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। এর ফলে মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তনের খবর সহজেই ইরানের হাতে পৌঁছাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত কমানোর জোর চেষ্টা চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আপাতত নতুন হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এর অন্যতম কারণ হলো, রুশ গোয়েন্দা তথ্যের সাহায্যে যেকোনো হামলা আগে থেকেই শনাক্ত করা এবং নিখুঁতভাবে পালটা জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা।

লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের সিনিয়র ফেলো নওয়াফ ওবায়েদ জানিয়েছেন, তার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরা’ গত আট মাস ধরে রাশিয়ার কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি গুপ্তচর উপগ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে ১৮টিকে সরাসরি ট্র্যাক করা সম্ভব হয়েছে। পৃথিবীর কক্ষপথে প্রতি ৯৫ মিনিটে ঘুরে আসা এসব অত্যাধুনিক উপগ্রহ সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইরাক, ইরান থেকে শুরু করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালি পর্যন্ত নজরদারি চালায়। প্রতিদিন তিন থেকে চারবার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর দিয়ে গিয়ে এরা ছবি, রাডার সিগন্যাল ও সামরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারে।

গবেষকেরা দেখেছেন, হামলার আগে এবং পরে লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দিষ্ট কিছু উপগ্রহের অবস্থান পরিবর্তন করে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তুর ওপর দিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান, নৌবাহিনী ও সামরিক সরঞ্জাম কোথায় কীভাবে জড়ো করা হচ্ছে, তার স্পষ্ট চিত্র রুশ উপগ্রহের মাধ্যমে ইরানের হাতে পৌঁছে যাচ্ছে। এমনকি ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বি-২ স্পিরিট বোমারু বিমান উড়ে আসার মতো আগাম সতর্কবার্তাও ইরান এখন মহাকাশ থেকেই পেয়ে যেতে পারে।

এই তথ্যের সাহায্যে ইরান নিজেদের মাটির গভীরের সামরিক স্থাপনা রক্ষা করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগার, পানি শোধনাগার বা বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের পালটা হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন হামলা ঘটলে তা বিশ্ব জ্বালানি বাজারকে চরম অস্থিতিশীল করে তুলবে। সরাসরি যুদ্ধে না জড়িয়েও শুধু গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে নিয়ন্ত্রণের এই কৌশলকে রাশিয়ার একটি বড় হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযানগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। মার্কিন বাহিনীকে এখন নিজেদের কৌশল পরিবর্তন করতে হবে। এ ছাড়া গত মাসে একটি রুশ কসমস উপগ্রহ ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক উপগ্রহের খুব কাছাকাছি চলে যায়। এই ঘটনা থেকে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী দিনে এই যুদ্ধ মহাকাশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights