মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন বাংলাদেশি দগ্ধ

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার জোহর প্রদেশের একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুত্রা’র গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

ইস্কান্দার পুত্রী ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল।
তিনি জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ছয়টি ফায়ার স্টেশন থেকে আটটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠান। তবে ওই তিনজন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights