মিঠাপানি মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ: সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি প্রতিনিধি

বর্তমানে বিশ্বে মিঠাপানি মাছ উৎপাদনে বাংলাদেশ চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কাপ্তাই হ্রদে চিংড়ি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার দুপুরে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তর ও বিএফডিসির উদ্যোগে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এটিকে দূষণমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিংড়ি উৎপাদন বাড়ালে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

তিনি আরও জানান, হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং দ্রুত তা শুরু হবে। এতে মাছের আবাসস্থল উন্নত হওয়ার পাশাপাশি নৌযোগাযোগ ও বিদ্যুৎ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন।

আলোচনা শেষে কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্ত করা হয়। পাশাপাশি ভিজিএফ কার্ডধারী ২৭ হাজার ৮৩২ জন মৎস্যজীবীর মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights