‘মিথ্যা মামলা’ দেওয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘মিথ্যা মামলা’ দেওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল।। আজ রবিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক নুরুল আমিন কোতয়ালী থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় শিপনের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য দেওয়া, চাঁদা দাবি, মানহানীর অভিযোগও তোলা হয়েছে। শিপন বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।

২০১৩ সালে হরতালে রূপাতলী বাসটার্মিনালে বাস পোড়ানোর অভিযোগে বাবুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় কারাবরণ শেষে ২০১৬ সালে খালাস পান বাবুল। এতে তার সামাজিক সম্মান ক্ষুন্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন বাবুল।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে ১৮ দলীয় ঐক্যজোট তিন দিনের হরতালে বরিশাল নগরীর সাগরদীতে রূপাতলী বাস টার্মিনালের বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা শিপন। ওই বছরের ২৯ অক্টোবর দায়ের করায় মামলায় ১৪ জনকে নামধারী ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা দায়েরের প্রায় একমাস পর বাবুলসহ দুই আসামীর কাছে ২০ লাখ চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় কয়েকদিন পর বিএনপি নেতা বাবুলকে মামলার আসামী হিসেবে গ্রেপ্তার হয়। এতে একমাস কারাভোগ করেন বিএনপি নেতা বাবুল। পরে এই মামলায় বাবুলের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়। তবে ২০১৬ সালে আদালতের বিচারক তাকে মামলা থেকে খালাস করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানান বাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights